
রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় পূর্ব শত্রুতার জেরে সিকান্দার মিয়া (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার মালিক ছিলেন বলে জানা গেছে।
সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শান্তিবাগের ভাঙারি গলি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সিকান্দারের বড় ভাই আমির আলী জানান, তার ভাই ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
রাতে বাসায় ফেরার পথে শান্তিবাগের ভাঙারি গলি এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে।
তার অভিযোগ, মো. হান্নান ও মামুনসহ তিন থেকে চারজন ধারালো অস্ত্র দিয়ে সিকান্দারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
তিনি বলেন,
“আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মারা যায়।”
পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।
আমির আলী জানান, অভিযুক্ত হান্নান ও মামুনের সঙ্গে আগে থেকেই তাদের বিরোধ ছিল।
তিনি বলেন, “আমি জানতে পেরেছি পূর্ব শত্রুতার কারণেই তারা আমার ভাইকে হত্যা করেছে।”
নিহত সিকান্দার মিয়ার বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার গাজীপুর এলাকায়।
তার বাবার নাম আব্দুর রব।
তবে বর্তমানে তিনি রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, “বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।”
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।