
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলে আবারও সুযোগ পেয়েছেন তারকা ফুটবলার নেইমার। তবে ইনজুরির কারণে ম্যাচে না খেলায় তাকে সরাসরি পর্যবেক্ষণের সুযোগ হারিয়ে হতাশ হয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
ব্রাজিলের হয়ে আরেকটি বিশ্বকাপ খেলার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে নেইমারের। কিন্তু দীর্ঘদিন ধরেই ইনজুরির সমস্যায় ভুগছেন তিনি। ফলে জাতীয় দলে জায়গা নিশ্চিত করতে তাকে ফিটনেসের প্রমাণ দিতে হবে।
এই পরিস্থিতিতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ২০২৬ বিশ্বকাপের আগে তাকে আবারও একটি সুযোগ দিয়েছেন। এজন্য প্রাক-প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে সান্তোস ফরোয়ার্ডকে।
নেইমারের বর্তমান ফিটনেস ও পারফরম্যান্স যাচাই করতে তাকে সরাসরি পর্যবেক্ষণের পরিকল্পনা করেছিলেন আনচেলত্তি।
এই উদ্দেশ্যে মঙ্গলবার সান্তোসের ম্যাচ দেখতে রিও ডি জেনিরো থেকে সাও পাওলো যাওয়ার কথা ছিল ইতালিয়ান এই কোচের।
কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতে হয় তাকে।
পেশির দীর্ঘস্থায়ী ক্লান্তির কারণে মঙ্গলবার মিরাসোলের বিপক্ষে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে খেলেননি নেইমার।
সান্তোস ক্লাব জানিয়েছে, এটি মূলত একটি সতর্কতামূলক সিদ্ধান্ত ছিল।
তবে এই অনুপস্থিতি বেশ বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। কারণ ব্রাজিল কোচ আনচেলত্তি এই ম্যাচেই তাকে সরাসরি পর্যবেক্ষণ করতে চেয়েছিলেন।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন ও জাতীয় দলের কারিগরি কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, নেইমারের এই অনুপস্থিতি সিবিএফ ও কোচ আনচেলত্তিকে বিস্মিত ও হতাশ করেছে।
এর প্রভাব পড়তে পারে বিশ্বকাপ প্রস্তুতিতেও।
কারণ জাতীয় দলে ফেরার আগে এই তারকাকে মাঠে দেখে মূল্যায়ন করার সুযোগ হারালেন কোচ।
আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কেবল সম্পূর্ণ ফিট এবং ব্রাজিল দলের শারীরিক চাহিদা পূরণ করতে সক্ষম খেলোয়াড়দেরই দলে রাখবেন।
ফলে নেইমারের জন্য ফিটনেস প্রমাণ করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
২৬ ও ৩১ মার্চ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
এই ম্যাচগুলোর জন্য ১৬ মার্চ জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি।
তবে তার আগে নেইমারকে মাঠে দেখার সুযোগ না পাওয়াটা বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে শেষবার ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার। এরপর ইনজুরির কারণে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।
বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করতে হলে এবার তাকে প্রমাণ করতে হবে— তিনি এখনও ব্রাজিল দলের জন্য প্রস্তুত।