
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অর্পিত দায়িত্ব পালন না করায় রাঙামাটি-২৯৯ আসনের এক সহকারী প্রিজাইডিং অফিসারকে দুই মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বরখাস্ত হওয়া ওই কর্মকর্তার নাম আবদুল্লাহ আল মামুন।
তিনি রাঙামাটির বিলাইছড়ি উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত।
রোববার (৮ মার্চ) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা রাঙামাটি জেলা প্রশাসককে জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ওই নির্বাচনে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (হেলিসটি) ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করার জন্য নিয়োগ পেয়েছিলেন আবদুল্লাহ আল মামুন।
কিন্তু নির্বাচনের দিন তিনি কর্তৃপক্ষকে কোনো ধরনের তথ্য বা অনুমতি না জানিয়েই দায়িত্ব পালন থেকে বিরত থাকেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো কারণ ছাড়াই নির্বাচনী দায়িত্ব পালন না করা ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (সংশোধিত)’ এর ৫(১) ধারা অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য হয়।
এর পরিপ্রেক্ষিতে আইনটির ৫(৩) ধারা অনুযায়ী তাকে দুই মাসের জন্য চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া অভিযুক্ত কর্মকর্তার নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।
একইসঙ্গে আইন অনুযায়ী তার বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ও শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
এই নীতির অংশ হিসেবেই দায়িত্ব অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।