আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে সারাদেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার দুপুরে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহা পাড়ায় একটি খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহারে উল্লেখ ছিল—সরকার গঠন করতে পারলে পাঁচ বছরের মধ্যে দেশের নদী, খাল ও জলাশয় মিলিয়ে প্রায় ২০ হাজার কিলোমিটার খনন করা হবে।
তিনি জানান, সেই পরিকল্পনার অংশ হিসেবেই সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু হচ্ছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহা পাড়ায় ১২ দশমিক ২০ কিলোমিটার খাল খননের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হবে।
এই প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়েই দেশের বিভিন্ন এলাকায় একযোগে খাল খননের কাজ শুরু হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, সরকার এই কর্মসূচির মাধ্যমে সারাদেশে একটি গণজাগরণ তৈরি করতে চায়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দিনাজপুরের এই খালটিকেই প্রথম উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে।
খাল খননের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বড় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান পানিসম্পদমন্ত্রী।
তিনি বলেন, সারাদেশে খাল খনন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর প্রায় ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে।
এতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা কমানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
খাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা এবং দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
