
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের ইফতার করার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (৭ মার্চ) ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত একটি ইফতার মাহফিলে এই ঘটনা ঘটে।
ইফতার মাহফিলটি উপজেলার মডেল মসজিদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের পাশে বসে ইফতার করছেন কয়েকজন রাজনৈতিক ব্যক্তি।
তাদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল করিম, জুলাই হত্যা মামলার আসামি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক চেয়ারম্যান, ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তার হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক শরিফ খান আকাশ এবং বিল্লাল হোসেন।
এছাড়া সেখানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলম। তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেনের ভাই।
এই ছবি ছড়িয়ে পড়ার পর স্থানীয় মহলে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন বলেন, শরিফ খান আকাশ নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও তিনি সাংবাদিকতাও করেন। সেই কারণে ইফতার মাহফিলে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
তাদের মতে, একজন সরকারি কর্মকর্তা হয়ে ছাত্রজনতার ওপর হামলার অভিযোগে অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের সঙ্গে একই অনুষ্ঠানে অংশ নেওয়া অনুচিত।
তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি এটি অসম্মানজনক এবং প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সল আহমেদ আকন্দ বলেন, একজন সরকারি কর্মকর্তা নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে ইফতার করতে পারেন না।
তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের সঙ্গে কথা বলা হবে।
তিনি বলেন, এই অনুষ্ঠানে যারা আওয়ামী লীগের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন, তাদেরও দায় রয়েছে।