ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রাক্কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সংসদ সদস্যদের জন্য দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মশালার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ সিনিয়র নেতারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বিএনপি’র নেতারা জানান, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সম্পর্কে নতুন সংসদ সদস্যদের প্রয়োজনীয় জ্ঞান প্রদান করা হবে। অভিজ্ঞ সংসদ সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন এবং সরকারের দক্ষতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা দেবেন।
দুই দিনের কর্মশালার প্রথম দিনে সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা উপস্থিত থাকবেন। বিকালের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন। পরদিন শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সংসদ সদস্যরা এবং বিকালের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হন, যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে এসেছেন। নতুন সংসদ সদস্যরা সংসদীয় বিধিবিধান এবং কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞ নয়, তাই এই কর্মশালার মাধ্যমে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
বিএনপি’র একজন সিনিয়র নেতা জানিয়েছেন, কর্মশালায় সংসদে পয়েন্ট অব অর্ডার উত্থাপন, বিল প্রণয়ন ও আলোচনায় অংশগ্রহণ, নিজের এলাকার সমস্যা তুলে ধরা এবং রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে আলোচনা করতে হলে কীভাবে পদক্ষেপ নিতে হবে, এসব বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। এছাড়া সংসদ অধিবেশনে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার কৌশলও শেখানো হবে।
