
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযানের মেয়াদ নিয়ে আগের বক্তব্য থেকে সরে এসে জানিয়েছেন, ইরানে তার কোনো নির্ধারিত সময়সীমা নেই এবং তিনি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণে মনোনিবেশ করতে চান।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরের দিন ১ মার্চ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন, আগামী চার সপ্তাহের মধ্যে অভিযান শেষ হবে। তবে তার এই বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগেসেথ জানান, যুদ্ধ আট সপ্তাহ পর্যন্ত চলতে পারে।
তবে বৃহস্পতিবার ব্রিটিশ সাময়িকী টাইম-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার কোনো নির্ধারিত সময়সীমা নেই। ইরানে আমি শুধু আমাদের লক্ষ্য পূরণ করতে চাই। আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লক্ষ্য হলো; ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। চতুর্থ লক্ষ্য হলো, তাদের কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও থাকতে পারবে না।”
ইরানে সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে কোনো হামলার সম্ভাবনা এবং সাধারণ মার্কিনিদের উদ্বেগ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমার মনে হয় উদ্বিগ্ন হওয়া উচিত। তবে আমি এও মনে করি যে মার্কিনিরা সবসময়ই এই উদ্বেগের মধ্যে থাকে।”
ইরান যুদ্ধে এ পর্যন্ত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এ প্রসঙ্গে ট্রাম্প মন্তব্য করেন, “এটি খুবই দুঃখজনক; কিন্তু যুদ্ধে কিছু মানুষ নিহত হবে। আপনি যখন যুদ্ধে যাবেন, কিছু মানুষ নিহত হবেই।”
ট্রাম্পের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ইরানে দীর্ঘমেয়াদি হতে পারে এবং লক্ষ্য পূরণ পর্যন্ত অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।