
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজের কক্ষে অর্ধেক লাইট বন্ধ করে এবং এসির মাত্রা কমিয়ে নিজে থেকে বিদ্যুৎ সাশ্রয়ের উদাহরণ স্থাপন করেছেন। একই সঙ্গে তিনি সব মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানিয়েছেন, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে আসেন। তিনি নিজে দপ্তরে গিয়ে নিজের কক্ষে ৫০ শতাংশ লাইটের সুইচ বন্ধ করে দেন এবং এসির বিদ্যুৎ প্রবাহ ২৫ দশমিক ১ মাত্রায় কমিয়ে আনেন। এই ব্যবস্থায় বিদ্যুৎ খরচ কমানো সম্ভব হয়।
অতিরিক্ত প্রেসসচিব বলেন, “শুধু নিজের কক্ষে নয়, মন্ত্রিপরিষদ বৈঠকেও প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় প্রবেশ করে কক্ষের অর্ধেক লাইট বন্ধ করার এবং এসির মাত্রা কমানোর নির্দেশ দেন।”
প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পরে সচিবালয়ের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমিয়ে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয়, দেশের সরকারি অফিস, আদালত, বেসরকারি ভবন, শপিংমল, বিপনী বিতানসহ সকল প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লাইট কম ব্যবহার করার পাশাপাশি দিনের বেলা জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।
সচিবালয়ের ১ নম্বর ভবনটি প্রধানমন্ত্রীর দপ্তর হিসেবে পরিচিত। এখানে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন বিভাগের অফিস রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদাহরণ দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্যও প্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
বিদ্যুৎ সাশ্রয়ের এ ধরনের পদক্ষেপ দেশের শক্তি ব্যবস্থার স্থিতিশীলতা, পরিবেশ রক্ষা এবং খরচ কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, দেশের সকল অফিস ও প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর এই নির্দেশনা মেনে কার্যক্রম চালাবে।