
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কামাল আল-হাইদারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক আক্রমণগুলো ইরানের সভ্যতা ও ধর্মীয় কর্তৃত্বকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। এ তথ্য প্রকাশ করেছে শাফাক নিউজ।
বিবৃতিতে আল-হাইদারি মুসলমানদের সতর্ক করে বলেন, নিজেদের ভূমি, মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তার বক্তব্যে আঞ্চলিক পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল বলে উল্লেখ করা হয়।
শিয়া ধর্মমতে, জিহাদ সাধারণত প্রতিরক্ষামূলক অবস্থান থেকে ঘোষণা করা হয় এবং তা আক্রমণাত্মক রূপে বিবেচিত হয় না। দ্বাদশ শিয়া মতবাদ অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার একজন মারজা’ আল-তাকলিদের হাতে সীমাবদ্ধ থাকে, যিনি সর্বোচ্চ ধর্মীয় কর্তৃত্ব হিসেবে বিবেচিত।
এর আগে ২০১৪ সালে ইরাকের শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছিলেন। পরবর্তীতে সেই আহ্বান থেকে গড়ে ওঠে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ), যা ইরাকে আইএসবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বর্তমানে ইরানপন্থি বেশিরভাগ শিয়া সশস্ত্র গোষ্ঠী আয়াতুল্লাহ আলী খামেনি-কে তাদের ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে অনুসরণ করে। বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য আঞ্চলিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।
পর্যবেক্ষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে এবং এ অবস্থায় কূটনৈতিক সংলাপ ও সংযমই উত্তেজনা প্রশমনের প্রধান উপায় হতে পারে।