
বসন্তে শিমুল-পলাশের আগুনরাঙা সৌন্দর্যে সেজে ওঠা সবুজ চা বাগান। সেই প্রাকৃতিক আবহেই আবিরের রঙে রাঙানো হলো আলীনগর চা বাগান।
শারদীয় দুর্গাপূজার পর চা বাগানের সবচেয়ে বড় উৎসব দোল পূর্ণিমার রং উৎসব বা ফাগুয়া। এ উপলক্ষে টানা তিন-চার দিন ধরে উৎসবে মেতে ওঠেন চা শ্রমিক ও তাঁদের পরিবার।
উৎসবস্থলে পৌঁছালে চা শ্রমিকদের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেওয়া হয়। একইভাবে অন্য অতিথিদেরও স্বাগত জানানো হয়। পরে শিব মন্দিরে পূজাঅর্চনা শেষে মূল মঞ্চে যোগ দেন তাঁরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল, সিলেটের ভারতীয় ডেপুটি হাইকমিশনের প্রিন্সিপ্যাল সেক্রেটারি রাজেশ ভাটিয়া এবং আলীনগর চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম রানা।
সভাপতির স্বাগত বক্তব্যে ফাগুয়া উৎসবের ঐতিহ্য ও তাৎপর্য তুলে ধরা হয়। পরে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা শ্রমিক নেতাদের গাল ও কপালে আবির ছড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তিনি চা শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি শ্রমিকদের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশনা দেখে সন্তোষ প্রকাশ করে প্রয়োজনে এসব শিল্পীকে সিলেটের ডেপুটি হাই কমিশনে আমন্ত্রণ জানানোর কথাও বলেন।
রঙ, গান ও নাচে মুখর ফাগুয়া উৎসব আবারও প্রমাণ করল—সবুজ চা বাগান শুধু শ্রমের নয়, সংস্কৃতি ও ঐতিহ্যেরও এক প্রাণবন্ত ঠিকানা।