প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 3, 2026 ইং
ঈদের চলতি ধারার পোশাকে অভিনেত্রী চমক

ঈদপোশাকে এবার আরামটাই প্রাধান্য পাচ্ছে। ঢিলেঢালা কাটের পোশাকের পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে কাফতান। ২০২৬ সালের ঈদে একাধিক ট্রেন্ড একসঙ্গে দেখা যাচ্ছে—আনারকলি, সারারা, খাটো কামিজ-ফারসি সালোয়ার, কাফতান, গোড়ালি পর্যন্ত লম্বা কামিজ, শাড়ি, স্কার্ট, কো-অর্ড সেট ও কোটিসহ কামিজ সেট। সব পোশাকের কাটেই মিল—ঢিলেঢালা ভাব।
ঈদপোশাকের এই ধারাগুলো তুলে ধরেছেন অভিনয়শিল্পী রুকাইয়া জাহান চমক।
পেস্টাল রঙের আর্টিফিশিয়াল সিল্ক শাড়িতে ফয়েল প্রিন্ট ও সিকোয়েন্সের কাজ নজর কাড়ছে। আবার ক্রেপ সিল্কের সাদামাটা শাড়ির সঙ্গে ভারী চোকার বা ঝোলানো দুলে রাতের সাজ হয়ে ওঠে জমকালো।
গরমের কারণে কাফতান নিঃসন্দেহে আরামদায়ক। সিল্ক কাফতানের ওপর জারদৌসির কাজ প্রাধান্য পেয়েছে। হালকা গয়নায় সাজে আসে স্নিগ্ধতা।
নরম সিল্কের কো-অর্ড সেট এবারের ঈদে বিশেষ জনপ্রিয়। উজ্জ্বল বা পেস্টাল—দুই রঙেই দেখা যাচ্ছে এ ধারা।
গোড়ালি পর্যন্ত লম্বা কামিজ—আনারকলি ও এ-লাইন কাট—এবার বেশ চলছে। সোজা কাটের প্যান্টের সঙ্গে জারদৌসি প্যাচওয়ার্ক করা কামিজ দুপুর বা রাতের দাওয়াতে মানানসই।
সিল্ক এগিয়ে থাকলেও জ্যাকার্ড কটন, জর্জেট, শিফন-জর্জেট, সুতি, খাদি ও হ্যান্ডলুম কটনের ব্যবহার রয়েছে। নকশায় জারদৌসি, কাচের কাজ, ব্লকপ্রিন্ট, টাই-ডাই ও অ্যাপলিকের উপস্থিতি চোখে পড়ে।
চমক জানান, ঈদের সকালে হালকা সাজে থাকেন, আর সন্ধ্যার পর দাওয়াতে গেলে স্মোকি আই ও ভারী গয়নায় সাজ সম্পূর্ণ করেন। আইলাইনার তাঁর সাজের অন্যতম ভরসা। এবারের ঈদে তিনি বেছে নিয়েছেন লম্বা কাটের কামিজ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা