
বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। মঙ্গলবার (৩ মার্চ) দুই দিনের সরকারি সফরে তিনি বাংলাদেশে পৌঁছাবেন।
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ঢাকা-এর মুখপাত্র পূর্ণিমা রায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনরত পল কাপুর মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন এবং সফরকালীন সময়ে একাধিক বৈঠকে অংশ নেবেন।
মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরসূচির অংশ হিসেবে তিনি নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সহযোগিতা—এসব বিষয় আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চপর্যায়ের সফর হওয়ায় কূটনৈতিক মহলে সফরটি তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এস পল কাপুর ২০২৫ সালের ২২ অক্টোবর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য মার্কিন প্রশাসনের শীর্ষ কূটনৈতিক পদে ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় ব্যক্তি তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকেই দক্ষিণ এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতি ও কূটনৈতিক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করছেন।
ঢাকা সফরকালে আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি অন্যান্য কূটনৈতিক কর্মসূচিতেও তিনি অংশ নিতে পারেন বলে জানা গেছে। তবে তার পূর্ণাঙ্গ সফরসূচি এখনো প্রকাশ করা হয়নি।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, আঞ্চলিক ভূরাজনীতি ও বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্ব বেড়েছে। ফলে পল কাপুরের এই সফরকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া গভীর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।