
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে দেশ গঠনে এগিয়ে যেতে হবে।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি আরও বলেন, “আপনারা আমাকে যে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি চিরঋণী। আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না।”
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, খুব শিগগিরই মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করা হবে। এছাড়া বন্ধ থাকা বিমানবন্দর সচল করা এবং ইপিজেড স্থাপনের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।
তিনি বলেন, মহান আল্লাহ আমাদের একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের শক্তি দান করুন। আমরা ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর চেতনা ধারণ করে সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যেতে চাই।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ইএসডিও-এর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ-উজ-জামান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।