
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে নির্বাচনের পূর্বে বিএনপি মনোনীত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর বাসায় হামলার ঘটনায় জামায়াত ও এনসিপির ১১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি।
মামলাটি বুধবার জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান চুনু দায়ের করেন। পরে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। মামলায় জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারি রাতের দিকে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে টাকা বিতরণ করতে গেলে স্থানীয়রা বাধা প্রদান করেন। ফুলতলা, শিলুয়া সহ কিছু এলাকায় তারা টাকা বিতরণে ব্যর্থ হন। এর পরে রাত সাড়ে ১১টায় জুড়ী শহরের কলেজ রোডস্থ মিঠুর বাসা ও প্রধান নির্বাচনী কার্যালয়ে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়।
হামলায় নাসির উদ্দিন আহমেদ মিঠু, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন চেয়ারম্যান মাছুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, নাজমুল ইসলাম, আজমল হোসেন পলাশ, সানসুদ্দোসহ কয়েকজন আহত হন। প্রার্থীর ব্যক্তিগত গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন জামায়াত ও এনসিপির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা। সাংবাদিক খোর্শেদ আলমকেও আসামি করা হয়েছে।
জামায়াত ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান অভিযোগ করেছেন, বিএনপি নেতারা হামলা চালিয়েছিলেন, কিন্তু দুই সপ্তাহ পরই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনহাজ উদ্দিন বলেন, মামলার তদন্ত চলছে এবং অভিযোগের বিষয়ে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।