
গাজীপুরের কালীগঞ্জ এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অ্যালকোহল সমৃদ্ধ বিয়ার উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানে দুইজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জের এমএ হক কারখানা তল্লাশি করা হয়। অভিযানের সময় একটি পিকআপভ্যান থেকে ৩৯ কার্টুন বিয়ার উদ্ধার করা হয়। পাশাপাশি কারখানার ভেতরের বিভিন্ন কক্ষ তল্লাশি করে আরও তিন কার্টুন বিয়ার পাওয়া যায়। সব মিলিয়ে ১৮২৪ পিস বিয়ার জব্দ করা হয়েছে বলে দাবি করা হয়।
ঘটনার সাথে সম্পৃক্ততার সন্দেহে রেজা কনস্ট্রাকশনের ইনচার্জ মেহেদী হাসান এবং চায়না বাংলা কংক্রিট লিমিটেডের ইনচার্জ নাজির হোসাইনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ারগুলো উদ্ধার ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।