
সাতক্ষীরার তালা উপজেলা এলাকায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাজরাকাটি বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জহর হাসান সাগর খুলনা থেকে প্রকাশিত দৈনিক ভয়েজ অব টাইগার-এর তালা উপজেলা প্রতিনিধি এবং তালা প্রেস ক্লাবের সদস্য। অভিযুক্ত নুরু ইসলাম স্থানীয় খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।
সাংবাদিক সাগরের অভিযোগ, নুরু ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। বুধবার ইফতারের আগমুহূর্তে হাজরাকাটি বাজারে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন। এ সময় অভিযুক্তের সঙ্গে থাকা কয়েকজনও হামলায় অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত নুরু ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, সাংবাদিকের সঙ্গে কোনো মারামারির ঘটনা ঘটেনি।
এ বিষয়ে তালা উপজেলা যুবদলের আহ্বায়ক আতিয়ার রহমান বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা দুঃখজনক। ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দলীয়ভাবে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নুরু ইসলামের বিরুদ্ধে পূর্বে জমি দখলসংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছিল। সংশ্লিষ্ট কয়েকটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।