গণভোটকে উপেক্ষা বা অবমূল্যায়নের চেষ্টা করা হলে সাধারণ মানুষ বর্তমান সরকারের পাশে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আখতার হোসেন। তিনি রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা ও গণ-ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, দেশের মানুষের সম্মিলিত অভিপ্রায়ে গণভোট পাস হয়েছে এবং এ গণভোট নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা জনগণ বরদাশত করবে না। তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে বিএনপি জল ঘোলা করার চেষ্টা করছে এবং জুলাই গণহত্যার বিচারের বিষয়ে এখনো দলটির অবস্থান স্পষ্ট নয়।
তিনি আরও বলেন, গত ২৪ জুলাইয়ের আগে পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ অবস্থান থাকলেও ১২ ফেব্রুয়ারি থেকে দলটি জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা শুরু করেছে বলে তার দাবি।
বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পক্ষে যত মানুষ দাঁড়িয়েছে, তা বর্তমান সরকারের প্রাপ্ত ভোটের চেয়েও বেশি। ফলে জনসমর্থিত গণভোটকে অবজ্ঞা করা হলে জনগণ সরকারকে ছাড় দেবে না।
কাউনিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
