
মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেবেন না বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, তিনি আগে থেকেই জানতেন যে মন্ত্রী হবেন না। তবুও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি উপস্থিতদের উদ্দেশে বলেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি মন্ত্রিপরিষদে যোগ দেবেন না। মন্ত্রী না করায় ক্ষোভ থেকে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন—এমন ধারণা সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, তিনি একজন সংসদ সদস্য এবং জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের পক্ষে কথা বলাই তার দায়িত্ব। নিয়ম ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া এবং তা প্রতিষ্ঠার চেষ্টা করাই তার রাজনৈতিক লক্ষ্য বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।
এদিকে ১৭ ফেব্রুয়ারি মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তাকে ঘিরে একটি বাগবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে গয়েশ্বর বলেন, মন্ত্রিসভায় ডাক পেলে তিনি আগেই জানতে পারতেন। একজন জ্যেষ্ঠ নেতা হিসেবে তাকে সামনের সারিতে বসার আসন দেওয়া হয়েছিল। তবে এক কর্মকর্তা মন্ত্রী ছাড়া অন্যদের আসন ছাড়তে বললে পরিস্থিতির সৃষ্টি হয়। এমনকি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ডাকার কথাও বলা হয়েছিল বলে দাবি করেন তিনি। এ অবস্থায় তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে অনেকে থাকতে অনুরোধ করলে তিনি কিছুটা অসন্তোষ প্রকাশ করেন, যা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন গয়েশ্বর।a