
মার্চের শুরুতেই একাধিক নতুন পণ্য উন্মোচনের প্রস্তুতি নিতে পারে প্রযুক্তি জায়ান্ট Apple। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে আগামী ৪ মার্চ অনুষ্ঠিতব্য ‘অ্যাপল এক্সপেরিয়েন্স’ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রযুক্তিবিশ্বে জোর গুঞ্জন শুরু হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, এই অনুষ্ঠানে অন্তত পাঁচটি নতুন পণ্য বাজারে আনতে পারে অ্যাপল। এর আগেই ২ মার্চ থেকে ধাপে ধাপে কয়েকটি ঘোষণা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
অ্যাপল বিষয়ক নির্ভরযোগ্য বিশ্লেষক হিসেবে পরিচিত ব্লুমবার্গের সাংবাদিক Mark Gurman এক প্রতিবেদনে জানান, ৪ মার্চ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সামনে একাধিক নতুন হার্ডওয়্যার উন্মোচনের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তালিকায় রয়েছে নতুন প্রজন্মের আইফোন, হালনাগাদ ম্যাকবুক, আইপ্যাড এবং আনুষঙ্গিক যন্ত্রাংশ।
গুঞ্জন অনুযায়ী, নতুন পণ্যের তালিকায় থাকতে পারে আইফোন ১৭ই। এটি গত বছর বাজারে আসা আইফোন ১৬ই–এর উত্তরসূরি হতে পারে। নতুন এই আইফোনে এ১৯ প্রসেসর ব্যবহারের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। উন্নত গতি ও শক্তিশালী গ্রাফিক্স পারফরম্যান্সের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার এবং গেমিং অভিজ্ঞতা আরও উন্নত হতে পারে।
এ ছাড়া নতুন আইফোনে ম্যাগসেফ চার্জিং সুবিধা যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপলের নিজস্ব তৈরি সর্বাধুনিক সেলুলার ও তারবিহীন চিপ ব্যবহারের কথাও আলোচনায় রয়েছে। সামনের ক্যামেরায় ১৮ মেগাপিক্সেল সেন্সর এবং ‘সেন্টার স্টেজ’ সুবিধা থাকতে পারে, যার ফলে দলগত সেলফি তোলার সময় স্বয়ংক্রিয়ভাবে ফ্রেম বড় হয়ে যাবে।
অনুষ্ঠানে নতুন প্রজন্মের আইপ্যাড উন্মোচনের সম্ভাবনাও রয়েছে। নতুন আইপ্যাডে এ১৮ প্রসেসর যুক্ত হতে পারে, যা অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সুবিধা সমর্থন করবে।
অন্যদিকে, আইপ্যাড এয়ার মডেলগুলোতে এম৪ প্রসেসর যুক্ত হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। নকশায় বড় কোনো পরিবর্তন না এলেও আইপ্যাড মিনিতে ওএলইডি ডিসপ্লে যুক্ত হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
নতুন ম্যাক কম্পিউটার উন্মোচনের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। হালনাগাদ ম্যাকবুক এয়ার এবং ১৪ ও ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো মডেলে এম৫ প্রসেসর ব্যবহার করা হতে পারে। এতে কর্মক্ষমতা ও শক্তি ব্যবহারে আরও দক্ষতা আসবে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া নতুন ম্যাকবুকে অ্যাপলের এন১ নেটওয়ার্কিং চিপ যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও আলোচনায় রয়েছে, যা দ্রুত ও স্থিতিশীল সংযোগ নিশ্চিত করতে সহায়ক হতে পারে।
অনুষ্ঠানে তুলনামূলক কম দামের একটি ম্যাকবুক উন্মোচনের সম্ভাবনাও রয়েছে। ১৩ ইঞ্চির চেয়ে ছোট পর্দার এই ম্যাকবুকে আইফোনের মতো নতুন মডেলের প্রসেসর ব্যবহার করা হতে পারে। উইন্ডোজ ল্যাপটপ ও ক্রোমবুকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ডিভাইসটির দাম কম রাখার পরিকল্পনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সব মিলিয়ে, ৪ মার্চের ‘অ্যাপল এক্সপেরিয়েন্স’ অনুষ্ঠান ঘিরে নতুন পণ্য উন্মোচনের অপেক্ষায় প্রযুক্তিপ্রেমীরা। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এসব তথ্যকে সম্ভাবনার মধ্যেই রাখা হচ্ছে।