
রাজধানীর ঢাকার নিউমার্কেট এলাকায় বিজিবি সদর দপ্তরের অফিসার্স কোয়ার্টারের একটি বাসা থেকে এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম বিবি হালিমা (১১)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, হালিমার বাড়ি রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার ভান্ডারির মোচর এলাকায়। তার বাবা শাহ আলম আগেই মারা গেছেন। জীবিকার তাগিদে শিশুটি প্রায় ছয় মাস ধরে নিউমার্কেট এলাকার ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল।
পুলিশ জানায়, অফিসার্স কোয়ার্টারের পঞ্চম তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটের শৌচাগার থেকে হালিমার মরদেহ উদ্ধার করা হয়। বাথরুমের ভেতরে ঝরনার পাইপের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখা যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মারুফ হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাথরুমের দরজার ছিটকিনি ভেঙে মরদেহটি উদ্ধার করে। তিনি বলেন, ঘটনার সময় বাসায় কেউ উপস্থিত ছিলেন না। ঘরের মূল দরজা খোলা ছিল, তবে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়।
পুলিশ আরও জানায়, ফ্ল্যাটটি শরিফুল ইসলামের। তিনি বিজিবির জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তার স্ত্রী একজন চিকিৎসক। বিবি হালিমা তাদের বাসায় নিয়মিত গৃহকর্মীর কাজ করত।
ঘটনার বিষয়ে শরিফুল ইসলাম জানান, তিনি ও তার স্ত্রী দুজনেই কর্মস্থলে ছিলেন। দুপুরের দিকে তার রানার (সহকারী) মো. সালাউদ্দিন বাজার করতে গিয়ে প্রথমে বাসায় প্রবেশ করেন। তখন তিনি শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সালাউদ্দিন তাকে ফোন করে বিষয়টি জানান।
শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি দ্রুত বাসায় আসেন। বাসায় এসে তিনিও বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে বাথরুমের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, “মেয়েটি সবসময় হাসিখুশি থাকত। আমরা একসঙ্গে সেহরিও করেছি। সকালে আমরা বাসা থেকে বের হওয়ার সময় মেয়েটি ঘুমিয়ে ছিল। আমার নিজের মেয়েটিও তখন ঘুমে ছিল।” তিনি দাবি করেন, ঘটনার আগে কোনো অস্বাভাবিক আচরণ তারা লক্ষ্য করেননি।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের স্বার্থে ঘটনাস্থলের আলামত সংগ্রহ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার পর এলাকাজুড়ে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। শিশুশ্রম ও শিশু গৃহকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তারা বলছেন, এ ধরনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
নিউমার্কেট থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।