
যশোরের অভয়নগর উপজেলায় চাঁদা না দেওয়ার জেরে রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে এই বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত না হলেও গভীর রাতে বিস্ফোরণের শব্দে বাড়ির আশপাশে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের নির্জন সময়ে দুর্বৃত্তরা মোহাম্মদ আলীর বাড়ির ভেতরে ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে আসে। বিস্ফোরণের ফলে বাড়ির ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে, তবে সৌভাগ্যবশত সে সময় বাড়িতে কেউ অবস্থান করছিল না।
মোহাম্মদ আলীর ছেলে রাকিবুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র তাদের পরিবারের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছিল। তার ভাষায়, “চাঁদা না দেওয়ায় আমাদের ভয় দেখানোর উদ্দেশ্যেই এই ককটেল হামলা চালানো হয়েছে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।”
এ ঘটনায় মোহাম্মদ আলীর ভাইপো মোহাম্মদ সজীব বলেন, গভীর রাতে হঠাৎ এক বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। বাইরে বের হয়ে তারা দেখতে পান বাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। তিনি জানান, মোহাম্মদ আলী ঢাকায় অবস্থান করছিলেন এবং ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্যরা এবং থানা পুলিশ। তারা বাড়ির আশপাশ ঘিরে রেখে তল্লাশি চালান এবং ঘটনাস্থল থেকে বিস্ফোরণের বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে জালের কাঠি, লাল টেপসহ ককটেল বিস্ফোরণের ব্যবহৃত উপকরণ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম জানান, মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাত আনুমানিক ২টার দিকে তারা ককটেল বিস্ফোরণের খবর পান। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।
তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করেন, চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।