
রমজানের আগেই ঢাকার বাজারে নিত্যপণ্যের দাম আগুনে পুড়ছে। শসা, বেগুন, লেবু এবং খেজুরের দাম বেড়ে কয়েকগুণ, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য ভীষণ চাপ সৃষ্টি করছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালেই কারওয়ান বাজারে ঘুরে দেখা গেছে, ক্রেতারা মূলত ইফতারের জন্য প্রয়োজনীয় সবজি ও ফল কিনতে বিপাকে পড়ছেন।
বাজারদর অনুযায়ী, প্রতি কেজি শসার দাম বর্তমানে ৯০ থেকে ১০০ টাকা, যা মাত্র দুইদিন আগেই ৭০ থেকে ৮০ টাকা ছিল। বেগুনের কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়, যেখানে এক সপ্তাহ আগে দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা। লেবুর দামও মধ্যম সাইজের এক হালি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকায়, পেঁপে ১৬০ থেকে ১৮০ টাকায়, চাম্পা কলা ডজন প্রতি ৭০ টাকা এবং তরমুজ কেজিতে ৯০ টাকায়।
রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য খেজুরও চড়া দামে বিক্রি হচ্ছে। বাজারে মরিয়ম খেজুর কেজিতে ১১০০ টাকা এবং আজোয়া খেজুর ৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। বেশির ভাগ ভোক্তা মনে করছেন, আমদানির তুলনায় এ দাম অনেক বেশি।
ব্রয়লার মুরগির বাজারদর কিছুটা স্বস্তিদায়ক নয়। টানা দুই–আড়াই মাস কেজিপ্রতি দাম ছিল ১৫০ টাকার সামান্য ওপরে। গতকাল ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৯০–২০০ টাকায় বিক্রি হলেও বৃহস্পতিবার দাম কিছুটা কমে ১৭০–১৮০ টাকা হয়েছে। সোনালি জাতের মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।
ভোক্তারা মনে করছেন, রমজানের শুরুতে নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য আরও চাপ বাড়াচ্ছে। বিশেষ করে ইফতারের সময় খেজুর, শসা, বেগুন ও লেবুর মতো পণ্যের দাম চড়া হওয়ার ফলে প্রতিদিনের খাবারের খরচ অনেক বেড়ে যাচ্ছে।
সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ক্রেতারা আহ্বান জানিয়েছেন, ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট বসিয়ে বাজারে মূল্যবৃদ্ধি ও অযৌক্তিক দামের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।