
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় পলাশ মিয়া নামে বিকাশ প্রতারণা মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত পলাশ মিয়া (৩০) হরিণাকুন্ডু উপজেলার পার দখলপুর গ্রামের চান মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পলাশ দীর্ঘদিন ধরে বিকাশের মাধ্যমে প্রতারণা করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। একপর্যায়ে তিনি কালীগঞ্জ উপজেলার এক জামায়াত নেতার কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২৫ হাজার টাকা উত্তোলন করে আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
রোববার রাত প্রায় ১১টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় ওই জামায়াত নেতা পলাশকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন। পরে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, পলাশের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।