
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) যান।
বিএমইউর কেবিন ব্লকে চিকিৎসাধীন ডা. রফিকুল ইসলামের পাশে কিছুক্ষণ অবস্থান করে তার স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত খোঁজ নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিএমইউ’র মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা প্রমুখ।
এর আগে গত রোববার ডা. রফিকুল ইসলামকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ ডেজ এম জাহিদ হোসেন। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ডা. রফিকুল ইসলাম। তার চিকিৎসার জন্য ১৫ ফেব্রুয়ারি ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।