
সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক খুকুমনিকে মৌখিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এর প্রতিবাদে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বরিশালের রূপাতলীর দপদপিয়া এলাকায় মিলের সামনে শ্রমিকরা লাগাতার কর্মবিরতি শুরু করেন।
কর্মবিরতির শুরুতে সোনারগাঁও টেক্সটাইল মিলের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লাইনম্যান হাবিবুর রহমান বলেন, দুই শ্রমিক নেতার অপরাধ ছিল না, শুধু বিজয় দিবস উপলক্ষে শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। মিল মালিকদের কাছে ছুটি চাওয়া হয়েছিল, তা না পেয়ে তারা শ্রম অধিদপ্তরে অভিযোগ দেন। এই ঘটনার জের ধরে তাদের বরখাস্ত করা হয়েছে।
বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, দুই নেতাকে অকারণে বরখাস্ত করার মূল উদ্দেশ্য শ্রমিক ইউনিয়নকে অকার্যকর করা। মালিকরা ট্রেড ইউনিয়নকে নেতৃত্বশূন্য ও অকার্যকর করার চেষ্টা করছেন যাতে শ্রমিকরা সংগঠিত হয়ে দাবি আদায় করতে না পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মাসুম গাজী, ইমরান হোসেন, মোঃ জসীম হাওলাদার ও হাবিবুর রহমান। কর্মবিরতি চলমান আছে এবং শ্রমিকরা তাদের নেতাদের পুনর্বহালের দাবি জানাচ্ছেন।