
বরিশালের উজিরপুর উপজেলার হারতা বাজারে এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রীকে ‘চুমু’ দেওয়ার অভিযোগ তুলে একদল যুবক তাকে বাজারের একটি দোকানঘরে আটকে মারধর করে।
মারধরের শিকার শিক্ষক উত্তম কুমার, যিনি হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত। অভিযুক্তরা মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়, যা দ্রুত এলাকায় আলোচনার জন্ম দেয়।
শিক্ষক উত্তম কুমার অভিযোগ অস্বীকার করে বলেন, সংশ্লিষ্ট তরুণী তার ছাত্রী নন। উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ের কথাবার্তা চলছিল। একটি ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে আক্রমণ করা হয়েছে বলে দাবি করেন তিনি। হামলার ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন বলেও জানান।
ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলেন, তাদের মধ্যে দক্ষিণ হাতাটা গ্রামের বাদশা তালুকদার, রিয়ান তালুকদার ও মো. আইয়ুব আলীসহ আরও কয়েকজন ছিলেন।
এ বিষয়ে হারতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম ফরাজী জানান, উত্তম কুমার তার বন্ধু। তিনি আগে থেকেই একটি মেয়েসংক্রান্ত বিরোধের কথা জানিয়েছিলেন। ঘটনার সময় বাজারে উপস্থিত থেকে তিনি শিক্ষককে রক্ষা করার চেষ্টা করেন এবং এতে নিজেও আহত হন বলে দাবি করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ভাইরাল ভিডিওটি তিনি দেখেছেন। ঘটনাস্থল যৌথবাহিনী পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।