প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 13, 2026 ইং
নির্বাচনী ফল নিয়ে কচুয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১০

বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচনী ফলাফল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের সমর্থক এবং বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের অনুসারীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।
বিকেলের দিকে গ্রামের একটি চায়ের দোকানের সামনে নির্বাচনী ফলাফল নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতি এবং দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে মিরাজ শিকদার, হাবিবুর শিকদার, হোসাইন বেপারী, ইমরান শেখ, ওসমান সরদার ও সালাম সরদারসহ কয়েকজনের নাম জানা গেছে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে অন্যদের চিকিৎসা চলছে।
বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শেখ আদনান হোসেন জানান, সন্ধ্যার দিকে কয়েকজন আহত রোগী হাসপাতালে আসেন। যাদের আঘাত তুলনামূলক কম, তাদের স্থানীয়ভাবেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গুরুতর আহত তিনজনকে দ্রুত খুলনায় রেফার করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে কচুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা