
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নড়াইল-২ আসনের সদর উপজেলার গাবতলা এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, বাকি সবাই নড়াইল জেলা হাসপাতালে ভর্তি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের মনিরুল ইসলামের সমর্থকেরা জড়িত ছিলেন। কলস সমর্থকরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে চায়ের দোকানে বসার সময় ধানের শীষের লোকরা তাদের ওপর হামলা চালায়। এতে ২ নারীসহ ৯ জন আহত হন।
অন্যদিকে ধানের শীষের সমর্থকরা অভিযোগ অস্বীকার করে বলেন, কলস প্রতীকের সমর্থকরা তাদের অফিস ভাঙচুর করতে আসে। বাধা দেওয়ার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে, এতে তাদের ৫ জন আহত হন।
সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। কোনো অভিযোগ দায়ের না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।