
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর পেকুয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনের সময় গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে শহিদ ও ক্ষতিগ্রস্তদের বিচার আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, “গণহত্যা, গুম-খুন ও নির্যাতনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এসব অপরাধের বিচার অবশ্যই হবে এবং তা আইনের মাধ্যমে সম্পন্ন হবে।”
সালাহউদ্দিন আহমদ বলেন, দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য দেশের সামাজিক পুনর্মিলনের দৃষ্টান্ত পর্যালোচনা করে বাংলাদেশেও অনুরূপ উদ্যোগ নেওয়া যেতে পারে। দেশকে বিভক্ত না রেখে শান্তি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করেই এগিয়ে নেওয়া হবে।
বিজয়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, দল কোনো বিজয় উল্লাসে যাবে না। সামনে বড় দায়িত্ব রয়েছে। কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না করে জনগণের প্রত্যাশা পূরণই এখন প্রধান কর্তব্য।