
ঢাকা-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ ভোটার তালিকায় গরমিলের অভিযোগ তুলে বলেছেন, বিভিন্ন ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কাছে থাকা ভোটার তালিকার সঙ্গে তাদের পোলিং এজেন্টদের কাছে থাকা তালিকার অসঙ্গতি রয়েছে। এ কারণে অনেক ভোটার নাম খুঁজে না পেয়ে ভোট না দিয়েই কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন তিনি।
ববি হাজ্জাজ বলেন, নির্বাচন কমিশনের অনলাইন ডেটাবেজ থেকে প্রাপ্ত ভোটার তথ্যের সঙ্গে কেন্দ্রের পোলিং অফিসারদের খাতায় থাকা তথ্যের মিল পাওয়া যাচ্ছে না। এমনকি তাদের পোলিং এজেন্টদের কাছে থাকা প্রিন্টকৃত ভোটার তালিকার সঙ্গেও অমিল দেখা যাচ্ছে। এতে ভোটাররা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
তিনি জানান, সকাল থেকে তিনি মোট সাতটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন এবং প্রায় প্রতিটি কেন্দ্রেই এক বা একাধিক ক্ষেত্রে ভোটার তালিকার অসঙ্গতি লক্ষ্য করা গেছে। কোনো কোনো কেন্দ্রে ভোটারদের নাম খুঁজে পেতে দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছে।
একটি কেন্দ্রের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, সেখানে দীর্ঘ সময় ধরে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে ভোটারের নাম, জন্মতারিখ ও ঠিকানা মিলিয়ে পুনরায় খুঁজে বের করার পর নাম পাওয়া গেছে। তবে অনেক ভোটার এত দীর্ঘ সময় অপেক্ষা না করে হতাশ হয়ে কেন্দ্র ত্যাগ করেছেন বলেও দাবি করেন তিনি।
এই পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ভোটার তালিকার এমন গরমিল পুরো নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এটি ভোটারদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি জানান, এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন এবং অনুরোধ জানিয়েছেন—যেসব কেন্দ্রে তালিকার অমিল দেখা যাচ্ছে, সেখানে যেন প্রিসাইডিং অফিসাররা সময় নিয়ে ভোটারদের নাম খুঁজে বের করে সহায়তা করেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়ারও দাবি জানান তিনি।
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে ববি হাজ্জাজ বলেন, গত রাতে কয়েকটি ভোটকেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনী দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ‘সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নেওয়া হবে’—এমন বক্তব্য প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন এবং পোলিং এজেন্টদের উপস্থিতিতে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে গণতান্ত্রিকভাবে ফলাফল মেনে নেওয়াই সবার দায়িত্ব।
কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কেন্দ্র দখল বা সহিংসতার মতো পরিস্থিতি দেখা যায়নি। তবে ভোটার ডেটাবেজের গরমিল নিয়ে তারা উদ্বিগ্ন এবং দ্রুত সমাধান চান।