
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগ করে আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা-৬ আসনের ভোটার অ্যাডভোকেট মাসুমা আক্তার। ভোট দেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, নতুন বাংলাদেশে ভোট দিতে পেরে তাঁর কাছে ঈদের মতো আনন্দ লাগছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজধানীর টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি। ভোটকেন্দ্র খোলার পরপরই উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মাসুমা আক্তার। তিনি নিজেকে ওই কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে দাবি করেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাসুমা আক্তার বলেন, নির্বাচন আমাদের দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের বহিঃপ্রকাশ। অনেক বছর পর এমন একটি পরিবেশে ভোট দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে ভোট দিতে পারাটা আমার জন্য বিশেষ সম্মানের।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পর আজ ভোট দিতে পেরে মনে হচ্ছে সত্যিই একটি উৎসবের দিন। ভোটকেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রয়েছে, যা ভোটারদের মধ্যে ইতিবাচক অনুভূতি তৈরি করছে। আশা করি, ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত এই উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে।
গণভোট প্রসঙ্গে মাসুমা আক্তার জানান, তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন এবং একই সঙ্গে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন। নির্বাচিত জনপ্রতিনিধির কাছে তাঁর প্রত্যাশা থাকবে, তিনি যেন মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে ভূমিকা রাখেন।
ঢাকা-৬ সংসদীয় আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ একটি আসন। এ আসনটি ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৩ জন।
এই আসনে একাধিক রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জামায়াতে ইসলামী জোটের মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি জাতীয় পার্টি, গণফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ কংগ্রেস এবং গণঅধিকার পরিষদ-জিওপির প্রার্থীরাও নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।
ভোটারদের অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশকে ঘিরে ঢাকা-৬ আসনে নির্বাচনী উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ বিরতির পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে অনেক ভোটারই সন্তোষ প্রকাশ করছেন। মাসুমা আক্তারের মতো ভোটারদের অনুভূতিই প্রমাণ করে, ভোটাধিকার মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং তা প্রয়োগের সুযোগ পেলে সাধারণ মানুষের মধ্যে কতটা আনন্দ ও আশার সঞ্চার হয়।