
খুলনার ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক কার্যক্রম বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকেই খুলনার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
খুলনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার জানান, খুলনার ছয়টি সংসদীয় আসনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, আনসার ও ভিডিপি মিলিয়ে মোট ১৮ হাজার ৬২৪ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া টহল দল ২০ মিনিট অন্তর অন্তর প্রতিটি কেন্দ্র পরিদর্শন করবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, খুলনার সকল আসনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।