ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা বিভিন্ন ভোটকেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।
মির্জা আব্বাস বলেন, আরামবাগ ও আশপাশের বাসা-বাড়ি, মেস ও মাদ্রাসায় অন্তত ২ থেকে ৩ শতাধিক ব্যক্তি সশস্ত্র অবস্থানে রয়েছেন বলে তাদের কাছে তথ্য আছে। তার দাবি, সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়সহ অন্তত সাতটি কেন্দ্রে প্রতিপক্ষের লোকজন অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিএনপি কর্মী ও স্থানীয়দের সহায়তায় তা প্রতিহত করা হয়েছে বলে তিনি জানান।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনে কারচুপি করার উদ্দেশ্যেই এমন চেষ্টা চলছে। রাতের বেলায় কেন্দ্র দখলের চেষ্টা অব্যাহত থাকলে পরিস্থিতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত দলগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১০৮টি।
নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।
