নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা জসিম উদ্দিন (৪৫) কুপিয়ে জখম হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চানন্দী ইউনিয়নের শিউলি একরাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জসিম উদ্দিন চানন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা এবং মো. ইসলামের ছেলে। তিনি ওই ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, জসিম উদ্দিন বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপ দেয় বলে অভিযোগ করা হয়। হামলাকারীদের ভয়ে আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে এগিয়ে আসতে পারেননি বলেও জানা গেছে।
পরে টহলরত নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠান। স্থানীয় একটি পক্ষের অভিযোগ, প্রতিপক্ষ রাজনৈতিক কর্মীরা এ হামলার সঙ্গে জড়িত। তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনার সময় স্থানীয় বিএনপি ও এনসিপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেই পরিস্থিতিতে জসিম উদ্দিন আহত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথা জানিয়েছে। স্থানীয়রা শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
