
দেশের শীর্ষ ইসলামী নেতাদের সমর্থনের প্রেক্ষাপটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত খবর অনুযায়ী, সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, উলামা, ইমাম ও খতিবরা বিএনপিকে সমর্থন জানিয়েছেন।
বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী জানান, এই ধন্যবাদ বার্তাটি তারেক রহমান পাঠিয়েছেন।
বার্তায় তিনি উল্লেখ করেন, “জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম-ওলামাদের স্পষ্ট অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে। আলেম-ওলামাদের সমর্থন ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক ও অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিকভাবে বুঝতে পারবে। আমি আবারো সম্মানিত আলেম-ওলামাদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও সকল নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের অব্যাহত সহযোগিতা কামনা করি।”