
রাজশাহীর চারঘাট উপজেলায় কৃষকদল নেতা বিরাজ আলী (৪৭) কে হামলাকারীরা চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গোরস্থান এলাকায় এই ঘটনা ঘটে।
বিরাজ উপজেলার নিমপাড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রার্থীর একনিষ্ঠ কর্মী ছিলেন। স্থানীয় সূত্র জানায়, তিনি মাঠে গরুর ঘাস কেটে বাড়িতে ফেরার সময় কালুহাটি-আড়ানী সড়কে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি হেলমেট পরে এসে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
বিরাজকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিরাজের বড় ভাই আব্দুল মজিদ জানিয়েছেন, হামলাকারী স্থানীয় কেউ নন, মোটরসাইকেলের নম্বর ও কাপড় দিয়ে তার অবস্থান ঢাকা ছিল। স্থানীয় বা রাজনৈতিক দ্বন্দ্ব এই হামলার সঙ্গে জড়িত নয়। চারঘাট উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিনও একই কথা নিশ্চিত করেছেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় এখন পর্যন্ত কোনো উত্তেজনার খবর নেই এবং পরিস্থিতি শান্ত রয়েছে।