
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দেশি-বিদেশি সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে আয়োজিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সিইসি বলেন, সংস্কার প্রক্রিয়াকে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন কাজ করেছে এবং যে কোনো ধরনের অনিয়ম কঠোরভাবে তদারকি করা হবে। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কমিশন প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সব ধরনের প্রস্তুতি শেষ করে কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর।
নির্বাচনের সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে সিইসি বলেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আগামীকালের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রতিবেদনের মাধ্যমে ভোটের প্রকৃত চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরার গুরুত্বও উল্লেখ করেন।