
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে প্রবাসী ভোটারদের পাঠানো ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, বুধবার সকাল সোয়া ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ৫৭৯ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন ইতিমধ্যে ভোট দিয়েছেন।
এছাড়া, ৫ লাখ ৭ হাজার ৩২৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিসে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি ব্যালট গ্রহণ করেছেন।
দেশের অভ্যন্তরেও (আইসিপিভি) ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। এ পর্যন্ত দেশের ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারের ঠিকানায় ব্যালট পৌঁছেছে। সকাল সোয়া ৯টা পর্যন্ত ৬ লাখ ১০ হাজার ৬৫০ ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ৮০ হাজার ৬৬৫ জন ভোট দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি ব্যালট গ্রহণ করেছেন।
সালীম আহমাদ খান জানিয়েছেন, দেশে ও প্রবাসে মিলিয়ে এবারের ভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।