
রাত পেরোলেই বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি গুছিয়ে নিয়েছে। কেন্দ্রভিত্তিক সরঞ্জাম সরবরাহ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ব্রিফিং এবং নিরাপত্তা সমন্বয় কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা আগের তুলনায় বেড়েছে। সেই প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নজরদারির জন্য প্রায় ২৫ হাজার পুলিশ সদস্যকে বডি-ওর্ন ক্যামেরা প্রদান করা হয়েছে। আকাশপথে পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হবে পাঁচশর বেশি ড্রোন। পাশাপাশি ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা থেকে সরাসরি পর্যবেক্ষণ সম্ভব হবে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মিলিত প্রায় ৯ লাখ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পুলিশ ও আনসারের সাত লাখের বেশি সদস্য মূল দায়িত্বে থাকবেন। সশস্ত্র বাহিনীর প্রায় এক লাখ সদস্যের পাশাপাশি নৌ ও বিমান বাহিনী বিশেষ দায়িত্বে নিয়োজিত থাকবে। সীমান্ত ও উপকূলীয় এলাকায় বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা দায়িত্ব পালন করবেন। আইনগত সহায়তার জন্য মাঠে থাকবেন দুই হাজার ১০০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
নির্বাচন কমিশন জানিয়েছে, কেবল বাহিনী মোতায়েন নয়, কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। দেশে নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ৫০টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই হাজার ২৮ জন প্রার্থী, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৩ জন। দলীয় কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ নিতে পারছে না। দলটির শীর্ষ নেতারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।
নির্বাচন পর্যবেক্ষণে থাকছেন ৪৫ হাজার ৩৩০ জন দেশীয় পর্যবেক্ষক ও প্রায় ৩৫০ জন বিদেশি পর্যবেক্ষক। এছাড়া প্রায় ৯ হাজার ৭০০ জন সাংবাদিক নিবন্ধন করেছেন, যাদের মধ্যে ১৫৬ জন বিদেশি গণমাধ্যমকর্মী।