
নোয়াখালী-৪ সংসদীয় আসনের সদর এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের দুটি নির্বাচনী ব্যানার চুরি হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে কর্মী-সমর্থকরা ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে প্রতীকী ব্যানার টাঙিয়ে প্রচারণা চালাচ্ছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী সরকারি কলেজ গেটের সামনে চুরি হওয়া ব্যানারের স্থানে নতুন দুটি ব্যানার টাঙানো হয়। এসব ব্যানারে ব্যতিক্রমী ভাষায় প্রতিবাদের বার্তা তুলে ধরা হয়, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ছবি ও সরেজমিনে দেখা যায়, নতুন ব্যানারগুলোতে লেখা রয়েছে— ‘নোয়াখালী সরকারি কলেজ গেইটের সামনে দাঁড়িপাল্লার দুইটি নির্বাচনী ব্যানার ছিল, জালেমরা রাতে নিয়ে গেছে।’ ব্যানারের নিচের অংশে আরও লেখা— ‘প্রতিহিংসার রাজনীতি ছেড়ে আসুন, সকলে মিলেমিশে গড়ি বাংলাদেশ।’
সকালে এসব ব্যানার নজরে পড়তেই স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। অনেকেই ব্যতিক্রমী এ প্রতিবাদ দেখতে ভিড় করেন এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, চুরি হওয়া ব্যানারের চেয়ে প্রতিবাদের ভাষায় লেখা নতুন ব্যানার দেখতে বেশি মানুষ এসেছে। তার মতে, এটি নির্বাচনী প্রচারণায় একটি নতুন ধারণা।
নোয়াখালী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি নাজিম মাহমুদ শুভ অভিযোগ করে বলেন, ভোটের দিন ঘনিয়ে আসার আগেই গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা তাদের দুটি ব্যানার খুলে নিয়ে যায়। তিনি এ ঘটনাকে প্রতিহিংসামূলক রাজনীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, নতুন ব্যানার টাঙানোর মাধ্যমে তারা নীরব প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।