
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দেন।
এর আগে গত ২ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের আরেক বিচারপতি মামনুন রহমান পদত্যাগপত্র জমা দেন।
উল্লেখ্য, বিচারপতি নাইমা হায়দার ১৯৮৯ সালে জেলা আদালতের একজন আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। পরে ১৯৮৯ ও ১৯৯৩ সালে যথাক্রমে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। তিনি ২০০৯ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং ২০১১ সালের ৩০ জুন একই বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ লাভ করেন।