
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, দেশে ভোটের সাংস্কৃতিক পরিবেশে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো ধরনের উদ্বেগের কারণ নেই। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং কোনো পক্ষের চাপ নেই বলেও তিনি স্পষ্ট করেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইসি মাছউদ বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো রয়েছে এবং নির্বাচন আয়োজনের জন্য সহায়ক পরিবেশ বিদ্যমান। এবারের নির্বাচনে কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না বলেও তিনি আশ্বাস দেন।
তিনি জানান, দেশবাসীকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রায় ১৮ লাখ নির্বাচন কর্মকর্তা-কর্মচারীসহ পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার বাহিনী সবাই প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে সেই মানসিকতা স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনকে সহজ ও গ্রহণযোগ্য করতে সবার সহযোগিতা প্রয়োজন। নির্বাচনবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে কমিশন কঠোর অবস্থানে রয়েছে। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে জনগণকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
রাজনৈতিক পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, বড় দুই দলের নেতারা নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে পোস্টার অপসারণ ও সফর বাতিলসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছেন, যা ভোটের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়।
তিনি রাজনৈতিক বক্তব্য-বিবৃতিকে ‘ভোটযুদ্ধের অংশ’ হিসেবে উল্লেখ করে বলেন, তবে যেকোনো ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডের নিন্দা জানায় নির্বাচন কমিশন। শহীদ শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা অংশ নেন।
এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।