
কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। কারা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।
নিহত বিদ্যুৎ আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের বাসিন্দা। তিনি চাঁদ্দু আলীর ছেলে বলে জানা গেছে।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে প্রায় দুই মাস আগে বিদ্যুৎ আলী কারাগারে আসেন। শনিবার ভোরে কারাগারের একটি বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে কারারক্ষীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই ওই হাজতির মৃত্যু হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।