
ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মিরপুরে বিশাল নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় মিরপুর ১০ নম্বরের ফলপট্টি মোড় থেকে শুরু হওয়া মিছিলটি ১০ নম্বর গোল চত্বর হয়ে কাজীপাড়া এলাকায় শেষ হয়। এতে ব্যাপক সংখ্যক নারী অংশগ্রহণ করেন এবং দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শুরুর আগে জামায়াতের মহিলা বিভাগের নেতারা বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে মানবিক ও কল্যাণমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তারা উল্লেখ করেন, নারী সমাজের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করাই তার প্রধান প্রতিশ্রুতি।
নারী নেতারা আরও বলেন, ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের প্রকৃত কল্যাণ নিশ্চিত করা সম্ভব। অকল্যাণ ও অন্যায়ের বিরুদ্ধে কাজ করার লক্ষ্য নিয়েই জামায়াতের নেতৃত্ব এই নির্বাচনে অংশ নিচ্ছেন। মিছিলের মাধ্যমে তারা ঢাকা-১৫ সহ সারাদেশে জামায়াত ও ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
মিছিলের সমাপনী বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ভোটের মাধ্যমে প্রার্থীর সমর্থন নিশ্চিত করার আহ্বান জানান।