
চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ক্ষমতার লোভে রাজনীতি করলে নীতি থাকে না। ব্যক্তিগত স্বার্থ নয়, আল্লাহর সন্তুষ্টি, দেশপ্রেম ও মানুষের কল্যাণ নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আমরা এমপি বা মন্ত্রী হওয়ার জন্য নয়, বরং দেশ ও ইসলামের কল্যাণে কাজ করি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনার পাথরঘাটা হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশ পরিচালনার দায়িত্বে থাকা নেতাদের কারণে বাংলাদেশ দুর্নীতিতে বারবার শীর্ষে উঠেছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এর ফলে বিদেশে গড়ে উঠেছে কুখ্যাত ‘বেগমপাড়া’।
জামায়াত সমালোচনা করে তিনি বলেন, ৫ আগস্টের পর তাদের প্রকৃত চেহারা জনগণের সামনে উন্মোচিত হয়েছে। জামায়াতের মতো এত বড় মিথ্যাবাদী দল আর নেই। ক্ষমতায় গেলে তারা শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না। ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার স্পষ্ট অঙ্গীকার না থাকায় ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।
চরমোনাই পীর আরও বলেন, জোট থেকে বেরিয়ে আসার পর অনেকেই ভেবেছিল দলের কার্যক্রম ক্ষুণ্ণ হবে। বাস্তবে ইসলামী আন্দোলন আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে। সাধারণ মানুষ ‘হাতপাখা’ মার্কায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ১২ ফেব্রুয়ারি বরগুনা-২ আসনের প্রার্থী বিজয়ী হবেন।
এসময় বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন দলের উপদেষ্টা ও বরগুনা-১ আসনের প্রার্থী অলিউল্লাহ, বরগুনার ভাওয়ালকারের পীর আবদুল কাদের, জেলা সাধারণ সম্পাদক আব্দুর সাকুর এবং ইসলামী আলোচক হাবিবুর রহমান মেজবাহ প্রমুখ।