
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশের সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন-সংক্রান্ত কোনো ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য শেয়ার না করার নির্দেশনা দিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি এই নির্দেশনা দেন।
ব্রিফিংয়ে সিআইডি প্রধান বলেন, জাতীয় নির্বাচন একটি সংবেদনশীল দায়িত্ব এবং এই সময়ে পুলিশকে সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। তিনি জানান, মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে যাওয়া সিআইডির সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ইতোমধ্যে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ প্রদান করেছে।
তিনি আরও বলেন, নির্বাচনী এলাকায় দায়িত্ব পালনকালে স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ব্রিফিং দেবেন। নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকতে হবে।
মো. ছিবগাত উল্লাহ বলেন, নির্বাচনকালীন সময়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের নিজের খাবারসহ ব্যক্তিগত প্রয়োজনীয় সব ব্যবস্থাপনা নিজ দায়িত্বে করতে হবে। কোনো প্রার্থী, রাজনৈতিক ব্যক্তি বা অন্য কারও কাছ থেকে কোনো ধরনের খাবার বা সহযোগিতা গ্রহণ করা যাবে না, যাতে কোনোভাবেই নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ না হয়।
তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়ে বলেন, দায়িত্ব পালনরত কোনো পুলিশ সদস্য নির্বাচন-সংক্রান্ত ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে পারবেন না। একই সঙ্গে কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে কোনো ধরনের সহায়তা গ্রহণ থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
ব্রিফিং শেষে সিআইডি প্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, পুলিশ সদস্যদের নিষ্ঠা, পেশাদারত্ব ও দায়িত্ববোধের মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে, যা সবার জন্য গৌরবের বিষয় হয়ে থাকবে।
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।