
ইসরায়েলে রাজীব আচার্য নামে এক ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) তেল আবিবে অবস্থিত ভারতীয় দূতাবাস এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।
ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, রাজীব আচার্যের অকালমৃত্যুর ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। দূতাবাস ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি জানতে পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
তবে রাজীব আচার্যের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করেনি ভারতীয় দূতাবাস। ফলে ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইসরায়েলে ভারতীয় নাগরিকের এই মৃত্যুর ঘটনা সামনে এলো। ভারতীয় দূতাবাস জানিয়েছে, পুরো তদন্ত প্রক্রিয়ার ওপর তারা নজর রাখছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিষয়টি অনুসরণ করছে।
এর মধ্যে ভারত ও ইসরায়েলের দ্বিপক্ষীয় সম্পর্কও সাম্প্রতিক সময়ে নতুন গতি পেয়েছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে কথা বলেন। দুই নেতা দুই দেশের সম্পর্ক ও বন্ধুত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত ও ইসরায়েলের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির দ্বিতীয় দফার আলোচনা সম্পন্ন হয়েছে। এমন সময়ে ইসরায়েলে ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তের অগ্রগতি ও প্রকৃত কারণ জানার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।