
স্বামীর মৃত্যুতে শেষযাত্রা ও দাফনে অংশ নেওয়ার জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক মন্ত্রী দীপু মনি। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন। বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির মেয়ে তানি দীপাবলি নেওয়াজ।
বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন সাবেক এই মন্ত্রী। স্বামীর মৃত্যুর পর বাবার মরদেহ ঢাকায় রেখে মায়ের প্যারোলে মুক্তির জন্য বুধবার সকাল থেকেই মুন্সীগঞ্জে বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করেন তার মেয়ে দীপাবলি।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার দিকে দীপাবলি কারাগারে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে কারাগার থেকে বেরিয়ে দুপুর পৌনে ২টার দিকে প্যারোলে মুক্তির আবেদন নিয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদন জমা দেওয়া হয়। এরপর দীপু মনিকে ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।
জানা গেছে, প্যারোলে মুক্তি পাওয়ার পরই দীপু মনির স্বামীর লাশ দাফন করা হবে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি পরিবারের সঙ্গে থাকার সুযোগ পাবেন এবং এ সময় স্বামীর শেষযাত্রা ও দাফন কার্যক্রমে অংশ নেবেন।
এদিকে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। নিয়ম মেনেই এ ধরনের আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
স্বামীর মৃত্যুর পর শেষবারের মতো তার পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়টি নিয়ে বুধবার দিনভর প্রশাসনিক কার্যক্রম চলে। শেষ পর্যন্ত ১২ ঘণ্টার জন্য মুক্তির অনুমতি পাওয়ায় বৃহস্পতিবার তিনি স্বামীর শেষযাত্রায় অংশ নিতে পারবেন।