
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের খাবারে আস্ত খাসি না পাওয়ায় বিয়ে না করে চলে যাওয়ার ঘটনায় আলোচনায় আসা জাপান প্রবাসী জুনায়েদ মিয়া নতুন করে বিয়ে করেছেন। আগের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন জুনায়েদ। পোস্টের সঙ্গে নববধূর সঙ্গে তোলা একটি ছবিও প্রকাশ করেন তিনি। সেখানে তিনি বিয়ের বিষয়টি নিশ্চিত করে সবার কাছে দোয়া কামনা করেন।
জানা গেছে, নতুন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নেয়ামত গ্রামে কনের মামার বাড়িতে। নববধূর বাড়ি আখাউড়া উপজেলার নুরপুর গ্রামে, যা আগের কনের বাড়ির পাশের গ্রাম।
এর আগে বিয়ের আসর থেকে ফিরে যাওয়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রথমদিকে ঘটনাটি বিয়ের খাবারে আস্ত খাসি না থাকাকে কেন্দ্র করে ঘটেছে বলে স্থানীয়দের বক্তব্যে উঠে আসে। নিয়ামতপুর গ্রামের গ্রাম পুলিশ সালাম মিয়া ও স্থানীয় ইউপি সদস্য মো. আলামিনও ঘটনাটি খাসিকে কেন্দ্র করে হয়েছে বলে জানান।
তবে জুনায়েদ নিজের বক্তব্যে ভিন্ন দাবি করেছেন। তাঁর অভিযোগ, কনেপক্ষ পূর্বনির্ধারিত কাবিনের তুলনায় ১০ গুণ বেশি কাবিন দাবি করেছিল। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের বিয়ের আসর থেকে বের করে দেওয়া হয়। তিনি আরও দাবি করেন, কনের সঙ্গে তাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি এবং পরে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
জুনায়েদ এসব অভিযোগ অস্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন বক্তব্যকে ‘মিথ্যা’ বলে দাবি করেন। অন্যদিকে স্থানীয়দের বক্তব্যের সঙ্গে তাঁর দাবির পার্থক্য থাকায় ঘটনাটি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
এর মধ্যেই নতুন বিয়ের ঘোষণা দিয়ে আলোচিত সেই ঘটনার নতুন অধ্যায়ের সূচনা করলেন জাপান প্রবাসী জুনায়েদ মিয়া।