প্রিন্ট এর তারিখঃ Aug 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 19, 2026 ইং
কাবুলে স্কুলের কাছে বিস্ফোরণ, আহত ৪২ শিশু
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণে ৪২ শিশু আহত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) জাতিসংঘের রাজনৈতিক মিশন (ইউএনএএমএ) এ তথ্য জানিয়েছে। আহত শিশুদের বয়স ৯ থেকে ১৪ বছরের মধ্যে বলে জানানো হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) কাবুলের দশত-ই-বার্চি এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র ও আফগান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এতে আহত শিশুর সংখ্যা ৫০ পর্যন্ত হতে পারে। বিস্ফোরণের পর ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ এবং দ্রুত ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি।
দশত-ই-বার্চি মূলত হাজারা শিয়া মুসলিম অধ্যুষিত এলাকা। দীর্ঘদিন ধরে এই সম্প্রদায় বিভিন্ন উগ্রপন্থী ও চরমপন্থী গোষ্ঠীর হামলার শিকার হয়ে আসছে। ২০২১ সালেও একই এলাকায় একটি স্কুলে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে, যাতে বহু শিক্ষার্থী নিহত হয়েছিল।
আফগানিস্তানের জন্য জাতিসংঘের স্বাধীন তদন্তকারী রিচার্ড বেনেট বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ঘটনাটিকে জঘন্য হামলা হিসেবে উল্লেখ করে অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তার কথা বলেছেন।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিকও জানিয়েছেন, সংস্থাটি বিস্ফোরণের প্রকৃত কারণ ও ঘটনার পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।
এদিকে বিস্ফোরণের পাশাপাশি আফগানিস্তানের শিক্ষাব্যবস্থার সংকট নিয়েও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। তালেবান সরকারের অধীনে ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের শিক্ষা বন্ধ রয়েছে। সম্প্রতি দেশে ফিরে আসা প্রায় ৯ লাখ শিশুর মধ্যে প্রায় ৬ লাখ এখনো স্কুলের বাইরে রয়েছে বলেও জানানো হয়েছে।
অর্থনৈতিক সংকট ও মানবিক সহায়তার ঘাটতির মধ্যে শিশুদের নিরাপত্তা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করা দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।